দর্শনা কেরুর অলস জমিতে মিষ্টি কুমড়াচাষ করে দ্বিগুনেরও বেশি মুনাফা অর্জিত হয়েছে। মাত্র ৬০দিনে প্রায় ৬০লাখ টাকার মিষ্টি কুমড়া বিক্রি করে খরচ বাদে ৩৫ লাখ টাকা নিট প্রফিট অর্জন সম্ভব হয়েছে বলে চিনিকল কতৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন।

কেরু চিনিকলের ম্যানেজার (খামার) সুমন কুমার সাহা জানান, প্রতিবছর মাড়াই মৌসুমে ইক্ষু কর্তন শেষ হওয়ার পর পরবর্তী ইক্ষু রোপন মৌসুম আসতে প্রায় ৬ মাস, এ সময় ওই জমি অলস অবস্থায় পড়ে থাকে। এ বছর কেরুর ৮টি কৃষি খামারে অলসজমি পড়ে থাকা ১৫২ একর জমিতে মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছিল। যা টেন্ডার আহবান করে ৬০ লাখ টাকায় জমির সব কুমড়া বিক্রি করা হয়েছে।

মিলের মহা-ব্যবস্থাপক প্রশাসন শেখ শাহাব উদ্দিন জানান, জমিচাষ, পরিচর্যা বীজ, সার ও উত্তোলন বাবদ খরচ বাদে ৩৫ লাখ টাকা নিট লাভ হয়েছে। ৬০ দিনে খরচ হয়েছে মাত্র ২৫ লাখ টাকা।

চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মো: মোশারফ হোসেন বলেন, কৃষি খামার ইনচার্জ ও বিভাগীয় কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম নিষ্ঠা ও সততার কারণেই চিনিকল লাভের মুখ দেখতে শুরু করেছে, এ বছর মাঠে মিষ্টি কুমড়ার মতো আখের ফলন অন্য বছরের তুলনায় অনেক বেশি হবে, ফলে চিনি উৎপাদনে লাভ না হলেও লোকশান অনেকাংশে কমে আসবে বলে তিনি জানান।