নরসিংদীতে মালবাহি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক সহকারী প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আবু বক্কর নামে আরেক আরোহী।
গতকাল (১৭ আগস্ট) বুধবার রাতে জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের শীতলক্ষা সেতুর টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম গাজীপুরের শ্রীপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী জেলা সমবায় অফিসে সহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাত ৮টার দিকে শহিদুল সহকর্মী আবু বক্করকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে গাজীপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চরসিন্দুর টোলপ্লাজায় দিয়ে অতিক্রম করার সময় পিছন দিক থেকে একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তারা দু’জন ছিটকে পড়ে যান। পরে গুরুতর আহত শহিদুলকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।