দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আমবাগান থেকে রেজাউল ইসলাম (৪২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে পৌর এলাকার বালুপাড়া গ্রামে আবু তালেবের আমবাগানের গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহত রেজাউল (৪২) ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ জানায়, নিহত রেজাউল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় ভাড়াবাসায় থাকতেন এবং সেখানে একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে গত ২ আগস্ট তিনি তার স্ত্রীকে বেধড়ক মারপিট করলে, তার স্ত্রী অত্যাচার সহ্য করতে না পেরে ঘোড়াঘাটের বাড়িতে চলে আসেন।

গত ৩-৪ দিন আগে ঢাকার ভাড়াবাসার মালিক তার স্ত্রীকে মোবাইলে জানান যে, তার স্বামী ঘরের ফ্রিজসহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করেছে।

পুলিশ আরো জানায়, পরিবারের ধারণা, নিহত রেজাউল ৩ থেকে ৪ দিন আগে ঢাকা থেকে ঘোড়াঘাটে আসলেও বাড়িতে আসেননি এবং পরিবারের কারো সাথে দেখাও করেননি। তবে গতকাল তার ছেলে তাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, পারিবারিক কলহের জের ধরে রেজাউল আত্মহত্যা করতে পারে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।