মুন্সীগঞ্জের সিরাজদিখানের তালতলা-ডহুরী খালের ফেগুনাসার খালে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে মো: সেলিম (২৬) নামের এক যুবক নিখোঁজ রয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। বেলা ১১টা থেকে ডুবুরিদল ঘটনাস্থল খাল থেকে ইছামতি নদীর তালতলা থেকে বেতকা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, কিন্তু কোনো খোঁজ মেলেনি নিখোঁজ সেলিম খানের (২৬)।

রোববার বিকেল সাড়ে ৫টায় সিরাজদিখান উপজেলার ফেগুনাসার গ্রামের তালতলা-ডহুরী খালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। সাঁতার না জানা মো: সেলিম (২৬) নিখোঁজ হন। তিনি সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ খানের ছেলে।

সাঁতরে তীরে ওঠা হারুন বলেন, আমরা যার থেকে ট্রলার ভাড়া করি তিনি না এসে এক বাচ্চা ছেলে দিয়ে ট্রলার চালাতে দেয়। দুর্ঘটনার আগ মুহূর্তে ছেলেটি ট্রলার নদীতে ঘোরানোর সময় একটি বাল্কহেড আমাদের ট্রলারের ওপরে উঠিয়ে দেয়, সাথে সাথে ট্রলার ডুবে যায়। ট্রলারে আমরা চালকসহ পাঁচজন ছিলাম তার মধ্যে চারজন সাঁতরে ওপরে উঠি। আমার খালাত ভাই সেলিম পানিতে ডুবে যায়। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক চেষ্টা করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রেজুয়ান আহমেদ জানান, আমরা খবর পেয়ে বেলা ১১টায় উদ্ধার অভিযান শুরু করি। খালে ও সংযোগ নদীতে সম্ভাব্য স্থানগুলোতে ডুবুরিদল খুঁজেছে। দুপুর ২টায় অভিযান সমাপ্ত করি। তবে যদি তিনি মারা যান লাশ ভেসে উঠবে।