বগুড়ার কুখ্যাত সন্ত্রাসী, তিনটি হত্যামামলার আসামি ও বালু ব্যবসায়ী আখের আলীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আখের আলী বগুড়া সদরের সাবগ্রাম চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে। আখের আলীর নামে তার আপন বড় ভাই রাশেদ, যুবলীগ নেতা মানিক ও বালু ব্যবসায়ী সবুজকে হত্যা করার মামলা রয়েছে। এ ছাড়াও তার নামে ডাকাতি, ছিনতাইসহ আরো ৭-৮টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের পার্শ্বে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় একটি ধানক্ষেতে স্থানীয় লোকজন গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং ধানক্ষেতের পাশের জঙ্গলে একটি কালো রঙের পালসার মোটরসাইকেল ও একটি মোবাইলফোন উদ্ধার করে। মোবাইলফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।