নওগাঁর রাণীনগরে সার্কাস দেখানোর কথা বলে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন মোতালেব হোসেন মন্টু (৫৫) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে।
সোমবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশে দেয়া হয়। তিনি চককুজাইল গ্রামের মৃত তমেজ উদ্দীনের ছেলে।
এ ঘটনায় শিশুটির মা সোমবার রাতে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ মঙ্গলবার ভিকটিম শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ দায়েরকৃত মামলার বরাত দিয়ে বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক শিশু (৬) সোমবার বিকেলে খেলাধুলা করছিল। এ সময় মুন্টু শিশুটিকে সার্কাস দেখানোর নাম করে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে মুন্টু তাকে ছেড়ে দেয়। এর পর শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যে তা এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে কুজাইল বাজারে গিয়ে চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুর মা মুন্টুর নামে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় মুন্টুকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে। এছাড়া শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।





