বগুড়ার নন্দীগ্রামে একই স্থানে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ রাখায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। এ সময় যেকোনো ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
জানা গেছে, জ্বালানি তেল, পরিবহন ভাড়া, লোডশেডিং ও দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিএনপির এ ঘোষণার পর একইস্থানে স্থানীয় আওয়ামী লীগ শোক সভার ঘোষণা দেয়।
এনিয়ে দু’দলের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসন ওই এলাকায় দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করে। এছাড়া সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘আমরা প্রশাসনকে তিন দিন আগে জানিয়েছি। আমাদের সব আয়োজন শেষ। কিন্তু প্রশাসন ১৪৪ ধারা জারি করায় সমাবেশ করতে পারছি না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, ‘শোকের মাস উপলক্ষে আমাদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শোক সভা ঘোষণা করা হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন বলেন, সহিংসতা এড়াতে ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে সমাবেশ করতে দেয়া হবে না।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।





