উদ্বোধনের আট মাসেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলগেট হতে আটাপুরের দিবাকরপুর রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। উদ্বোধনের পর ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তায় মাটি খুঁড়ে বক্স করে রাখায় তৈরি হয়েছে খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। কাদা-পানিতে সয়লাব হয়ে যায়। স্কুল কলেজগামী ছাত্রছাত্রীসহ সাধারণ পথচারীদের পোহাতে হয় নানা দুর্ভোগ।
উপজেলার কটুহারা গ্রামের নজরুল ও আকবর অভিযোগ করে বলেন, দীর্ঘ আট মাস ধরে রাস্তাটি খুঁড়ে রেখে জনদুর্ভোগ বাড়িয়ে দেয়ার কী প্রয়োজন ছিল? বাজারে ধানসহ অন্যান্য কৃষিপণ্য নিয়ে যেতে পারি না। বিকল্প রাস্তা না থাকায় উল্টো দিকের দিবাকরপুর গিয়ে ধান বিক্রয় করতে হয়। পরিবহনের খরচ গুনতে হয় বেশি।
ঘোড়াপা গ্রামের ভ্যান চালক মতিয়ার রহমান বলেন, আগে এই রাস্তা দিয়ে ভ্যান চালানো যেত। এখন সেটিও চালানো যায় না। এ আয়োজনের কী প্রয়োজন ছিল?
এক কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে এক হাজার ৬৪০ মিটার বাগজানা রেলগেট হতে আটাপুরের দিবাকরপুর রাস্তাটি নির্মাণের কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান সাঈদ ট্রেডাস। গুরুত্বপূর্ণ এ রাস্তাটির কাজ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ছয়টি গ্রামের মানুষের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, ঠিকাদার রাস্তাটি খননের পর এভাবে ফেলে রাখার কারণে এলাকার লোকজন দুর্বিষহ জীবন যাপন করছেন।
এ বিষয়ে সাঈদ ট্রেডাসের কর্ণধার সাঈদ হোসেন বলেন, অচিরেই কাজ শুরু করা হবে। পাঁচবিবি উপজেলা প্রকৌশলী ওয়ালীউল্লাহ শেখ বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হয়েছে। আশা করি, এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে।
উদ্বোধনের ৮ মাসেও শুরু হয়নি রাস্তা পাকাকরণ
উদ্বোধনের আট মাসেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলগেট হতে আটাপুরের দিবাকরপুর রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। উদ্বোধনের পর ঠিকাদারী...





