কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপি নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টা থেকে গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় আসতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।
তবে মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থানের কারণে সেখানে বিক্ষোভ মিছিল করতে না পেরে রসুলপুর ফেরিঘাট এলাকায় বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভ মিছিলটি গজারিয়া উপজেলার প্রধান সড়ক ধরে রসুলপুর খেয়াঘাট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে গজারিয়া সরকারি কলেজ হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ মজিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য-সচিব আব্দুর রহমান শফিক, যুগ্ম আহ্বায়ক মকবুল আহমদ রতন।
আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরি তপন, উপজেলা ছাত্রদলের সাবেক-সভাপতি মাহদী ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদসহ অনেকে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রইছ উদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্রলীগের হামলা বা পুলিশের বাধা দেয়ার খবর আমার জানা নেই, তবে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে সেটা জানি।’





