নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কাকফো গ্রামের কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জাহিদুল একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী ছিল। সে সদর উপজেলার কাঁঠাবাড়িয়া এলাকায় তার নানার বাড়ি থেকে পড়াশোনা করত।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে প্রতিবেশী একজন অসুস্থ ব্যক্তিকে রক্ত দেয়ার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরে আসেনি।
আজ রোববার সকালে বাবার বাড়ির কাছে একটি জমিতে উপুড় হয়ে পড়ে থাকা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিচয় সনাক্ত করে পুলিশ।
জাহিদুলের চাচা যাফিরুল ইসলাম বলেন, গত এক বছর যাবত সে নানার বাড়ি থেকে লেখাপড়া করত। শনিবার তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে তার মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাই। পরে আত্মীয়স্বজন ও তার বন্ধুদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে তার লাশ মাঠে পড়ে থাকতে দেখা যায়।
এদিকে স্কুলছাত্রের লাশ পড়ে থাকার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের বোন রাশেদা জানান, তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তার নাক-মুখে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিআইডির প্রাথমিক তদন্ত শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।





