কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার গজারিয়া উপজেলার ভবেরচর, বাউশিয়া এবং গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষ করে ফেরার পথে দড়িবাউশিয়া বাসস্ট্যান্ডে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় ১২ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

হামলায় আহতদের মধ্যে গজারিয়া উপজেলার সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু, বাউশিয়া ইউনিয়ন যুবদল নেতা শাহ আলী, কলমি উল্লাহ কলেজের ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, বাউশিয়া ইউনিয়নের যুবনেতা আমিনুল ইসলামসহ ১০ থেকে ১২ জন রয়েছেন।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মাসুদ ফারুক জানান, কর্মসূচি শেষ করে ফেরার পথে দড়িবাউশিয়া বাসস্ট্যান্ডে আমার গাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এ সময় গাড়িতে আমার সাথে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম মাসুম, কৃষক দলের মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু চেয়ারম্যান ছিলেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রইছ উদ্দিন জানান, বিক্ষোভ মিছিল বা হামলা হয়েছে এমন বিষয় আমার জানা নেই।