ভোমরা স্থলবন্দরে বাড়তি ৪০০ টাকা ট্রাক আনলোড চার্জের দাবি নিয়ে কর্মচারীদের সাথে শ্রমিকদের সংঘর্ষে তিনজন শ্রমিক-কর্মচারী আহত হয়েছেন। সংঘর্ষের জেরে রোববার থেকে বন্দরে ট্রাক লোড-আনলোড বন্ধ রয়েছে। এতে সীমাহীন ট্রাকজটে পড়েছে স্থলবন্দরটি।
ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মিজানুর রহমান জানান, ট্রাক প্রতি আনলোড করতে ৮০০ টাকা দিতেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে আমরা এক হাজার ২০০ টাকা দাবি করেছিলাম। এই দাবিতে কর্মবিরতি পালন করছিলাম। শনিবার বিকেলে কর্মচারি ইউনিয়নের নেতৃত্বে ব্যবসায়ীদের গুদামের শ্রমিকদের দিয়ে ট্রাক লোড-আনলোড করার সময় সঙ্গত কারণে শ্রমিকরা বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কর্মচারী ইউনিয়নের সাব্বির হোসেন, শ্রমিক দেলওয়ারসহ তিনজন আহত হন। ট্রাকপ্রতি আনলোড চার্জ এক হাজার ২০০ টাকা না হলে শ্রমিকরা কাজ করবেন না বলে জানান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের এই নেতা।
এ বিষয়ে ভোমরা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, শ্রমিকদের দাবি মেনে নেয়ার বিষয়ে সিঅ্যান্ডএফের এজেন্ট নেতাদের সাথে বিকেলে সভা হওয়ার কথা রয়েছে। আশা করছি, সভায় বিষয়টি নিষ্পত্তি হবে।