গাজীপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ তিন যুবককে আটক করেছে বাসন থানা পুলিশ। মহানগরীর টেকনগপাড়া ও আউটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আরো ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার জিএমপির সহকারি কমিশনার আবু সায়েম সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন।
বাসন থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মালেক খসরু খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে পুলিশের একটি টিম গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের গলি থেকে মেহেদী হাসান রাব্বী (২৩), ও পারভেজ ওরফে মোহাম্মদ আমিন পারভেজকে (৩১) আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র (এলজি), দুটি মোবাইল সেট, একটি সুইচ গিয়ার চাকু ও ৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে মহানগরীর আউচপাড়া এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ আল আমিন (৪৫) নামে আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে।





