মানিকগঞ্জে আরিফ শিকদার হত্যা মামলায় হৃদয় ওরফে মানিক নামে এক আসামির মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সোমবার বেলা ১১টায় সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ আদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
হৃদয় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ব্রাক্ষ্মান্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। আর আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের ফকির পাড়ায়।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ মে সকাল ৯টার দিকে সাটুরিয়া বেলতলায় শ্যালো মেশিনের ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে হত্যা করেন। এ সময় আরিফের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এসে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান হৃদয়কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ আদেশ দেয়।





