নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে ঋণের চাপে সোহাগ নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাত ১টার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সোহাগ (২৫) একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রোমানা জানান, দেড় বছরের তাদের একটি কন্যাসন্তান আছে। সোহাগ গার্মেন্টসে কাজ করত। হঠাৎ চাকরি চলে যাওয়ায় সংসার চালাতে নানাজনের কাছ থেকে ঋণ করে সোহাগ। আর এ ঋণের জন্য চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে সোহাগ বাড়ির সামনে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহতের মা সুফিয়া বেগম জানান, সোহাগকে ১০ বছরের শিশু রেখে তার বাবা মারা যায়। তখন থেকে সোহাগ সংসারের হাল ধরেছে। গার্মেন্টসে কাজ করে সংসার চালাতেন।
নিহতের চাচাতো ভাই মঞ্জু জানান, সোহাগ ভালো ক্রিকেট খেলতো। নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় গিয়ে ক্রিকেট খেলে সুনাম কুড়িয়েছে সোহাগ। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





