বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়নের উদ্দেশ্যেই আলেম-ওলামাকে কোণঠাসা করে রাখা হয়েছে। আজ দেশের আলেম-ওলামা, বুদ্ধিজীবি ও সুশীল সমাজকে পরিকল্পিতভাবে যাদের স্বার্থে কোণঠাসা করে রাখা হয়েছে তারাও অবৈধ এই সরকারের পতন ঠেকাতে পারবে না।
তিনি বলেন, হিংসা-বিদ্বেষ লালন করে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা যায় না। বরং হিংসা, বিদ্বেষ ও অহঙ্কার পতন ঘটায়। অহঙ্কারীদের পতন সময়ের ব্যাপার মাত্র। বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে বিএনপির আন্দোলন সংগ্রাম থামানো যাবে না।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো: সোহরাব উদ্দিন ও যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলম শুক্কুর। মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে এবং আহ্বায়ক সদস্য আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বশির উদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মাওলানা আব্দুস সামাদ চৌধুরী, শাহাবুদ্দিন সিদ্দিকী, ফাখরুল জামান, বিএনপি নেতা শাহ নাসির উদ্দিন নাসু, ফারুক হোসেন খান, জাহাঙ্গীর আলম ভেণ্ডার প্রমুখ।
অনুষ্ঠানে খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নিহত সব নেতাকর্মীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।