ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জারিফ আনছারি অভি (২২) নামের এক তরুণকে চার কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়রের ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে আখাউড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গাঁজাসহ গ্রেফতারকৃত জারিফ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান আনছারির ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সরকার বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। পরে সেখান থেকে কারাগারে পাঠান বিচারক।

তিনি আরো জানান, ওই ঘটনায় অভির বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আগেও একটি নারী ও শিশু আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।