কক্সবাজারের পেকুয়ায় মাদকাসক্ত স্বামীর হাতে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে।
রোববার সকাল ৬টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম মর্তুজা বেগম (৩৫)। তিনি পেকুয়ার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা এলাকার আবদু শুক্কুরের স্ত্রী ও মোজাহের আহমেদের মেয়ে।
পুলিশ জানায় সকাল ৭টার দিকে নিহতের বাড়ি থেকে বিছানায় শোয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের উদ্দিন ভূঁইয়া বলেন, নিহতের শরীরে গলায়, পেটে, পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওয়ার্ডের মেম্বার বাদশা মিয়া বলেন, শুক্কুর একজন মাদকাসক্ত ব্যক্তি। দিনমজুরি করে যা পায় তা দিয়ে মাদক গ্রহণ করে। এ বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে কলহ লেগেই থাকত। শনিবার রাতেও তাদের মাঝে ঝগড়া হয় বলে জেনেছি। সকালে শুক্কুরের স্ত্রীর লাশ নিয়ে যায় পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





