গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে অর্থ আত্মসাৎ ও একাধিক বিয়ের পর অবশেষে পুলিশের হাতে বন্দী হয়েছে সোহেল রানা (২৪) নামের এক যুবক। গত বৃহস্পতিবার দুপুরে প্রতারণার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল নড়াইল সদর উপজেলার শংকরপুর গ্রামের অহিদুর মোল্যার ছেলে। এর আগে গত বুধবার রাত ১০টায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
নড়াইল সদর থানার এএসআই আনিসুজ্জামান জানান, গ্রেফতারকৃত সোহেল রানা কখনো সেনাসদস্য, কখনো ডিজিএফআই, কখনো বা এসএসএফ কর্মকর্তা পরিচয় দিত বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে ভুয়া পরিচয় দিয়ে ইতোমধ্যে সে দু’টি বিয়েও করেছে। অনেকের অভিযোগ, সাত থেকে আটটি বিয়ে করেছে সোহেল। এ ছাড়া সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ দিকে গত বুধবার নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার বাড়িওয়ালা এক নারীকে ঘর থেকে ডেকে এনে হঠাৎ করে মারধর করে সোহেল। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। ওই বাড়িতে এক সময় ভাড়া থাকত সে।
সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, সোহেল কত দিন ধরে প্রতারণা করে আসছে এবং চাকরি দেয়ার নামে কতজনের কাছ থেকে কত টাকা আত্মসাৎ করেছে সে ব্যাপারে আরো খোঁজখবর নেয়া হচ্ছে। এ ছাড়া তার একাধিক বিয়ের বিষয়টিও আমরা শুনেছি।