বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে বরগুনা উপকূলে গত দু’দিন ধরে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইসাথে পূর্ণিমার প্রভাব থাকায় বিষখালী ও পায়রা নদীতে পানি বেড়েছে। এর প্রভাব পড়েছে বলেশ্বর নদীতেও।
সোমবার বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দৈনিক নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন ।
পাউবো জানায়, বিষখালী নদীর পানি পাথরঘাটা ও খাকদোন নদীর পয়েন্টে ক্রমাগত বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।
বরগুনার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জোয়ারের পানি বেড়ে জেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি তলিয়ে গেছে। পৌর শহর ছাড়াও তলিয়ে গেছে আমতলী-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকি ফেরির গ্যাংওয়ে। এতে গাড়ি নিয়ে পার হতে গিয়ে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
পাউবোর পাথরঘাটা উপজেলার পানি পরিমাপক রিডার খাইরুল ইসলাম ও সদর উপজেলার মাহাতাব উদ্দিন জানান, গত তিন দিন ধরে নদীগুলোতে জোয়ারের পানি ক্রমাগত বাড়ছে। রোববার খাকদোন নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগে যা ছিল ৩৫ সেন্টিমিটার। পাথরঘাটা অংশে ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ভারি বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিষখালী নদীর পানির উচ্চতা গত কয়েক দিন ধরে বেশি রয়েছে।





