টাঙ্গাইলের নাগরপুরে মোহাম্মদ আবুল হোসেন নামে এক জীবিত বীর মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
আবুল হোসেন উপজেলা সলিমাবাদ ইউনিয়নের তরফরাম ঘুনিপাড়া গ্রামের বদর আলীর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
বীর মুক্তিযোদ্ধার অভিযোগ, গ্রামের একটি চক্র তার বাবাকে ব্যবহার করে ভাতার টাকা ভোগ করছে।
এ বিষয়ে জীবিত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর সম্প্রতি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী বলেন, ‘দীর্ঘদিন সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। চাকরি শেষে মুক্তিযোদ্ধার সনদসহ সকল কাগজপত্র মায়ের কাছে রেখে ভারতে চলে যাই। দীর্ঘদিন পর বাড়ি ফিরে চাকরির ও মুক্তিযোদ্ধার সকল কাগজপত্র খোঁজ করেও পাইনি। বাড়ির লোকজন সকল কাগজপত্র হারিয়ে গেছে বলে আমাকে জানায়।’
পরে তিনি জানতে পারেন তাকে মৃত দেখিয়ে তার বাবা বদর উদ্দিন প্রতারক চক্রের সাথে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছেন।
আবুল হোসেন আরো বলেন, ‘আমাকে মৃত দেখিয়ে যারা ভাতা উত্তোলনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
একই সাথে তিনি তার ভাতা নিজের নামে ইস্যু করার দাবিও জানান।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে পরে ব্যবস্থা নেয়া হবে।





