সাতক্ষীরার তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মশিয়ার মোড়াল (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মশিয়ার উপজেলার বাইগুনি গ্রামের মিজান মোড়লের ছেলে। তিনি সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের গেটম্যান হিসেবে কাজ করতেন।
জানা জায়, মৃত্যুর আগে মশিয়ার মোড়ল ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘যার টাকা নেই তার কেউ নেই। বউ আর শাশুড়ির জ্বালায় আমি বাধ্য হলাম। ছেলের মুখটা দেখা হলো না ‘
স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছে স্বামী-স্ত্রীর মধ্যে। কিছু দিন আগে দুই বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে স্ত্রী বাবার বাড়ি পাশের তৈলকুপি গ্রামে চলে যায়। এরপর স্ত্রী থানায় অভিযোগ দেয়। সোমবার বিকেলে বাড়িতে পুলিশ এসে মশিয়ার মোড়লকে মঙ্গলবার বিকেলে থানায় হাজির হতে নির্দেশ দেয়। এ ঘটনার পর ভোরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি ইউডি মামলা হয়েছে।





