রাজধানীর বাঁশেরপুল এলাকায় বাসের ধাক্কায় রাজীব (৩১) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন লেগুনায় থাকা আরো আট যাত্রী। মঙ্গলবার বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী থেকে মাছ কিনে সারুলিয়ায় যাওয়ার পথে লেগুনা ও গুলিস্তানগামী আসিয়ান বাসটি বাঁশেরপুলের (ইস্টান হাউজিং) ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনাচালক মারা যান এবং লেগুনায় থাকায় মাছ ব্যবসায়ীরা গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফজলুর রহমান খান বলেন, ডেমরা রোডের বাসগুলা বিশেষ করে ‘আসিয়ান’ পরিবহনের বাসগুলো আমাদের স্টুডেন্টদের দেখলে সকালবেলা বাসের দরজা লাগিয়ে দেয়। গত কয়েক দিন আগেও আমাদের দুই বন্ধুকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সড়কে চলাচলরত বেশিরভাগ ড্রাইভার অদক্ষ ও নেশাগ্রস্ত।
এ বিষয়ে মোবাইল ফোনে ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান বলেন, বাঁশেরপুলে আসিয়ান পরিবহন ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। আহত হয়েছেন আট যাত্রী। এ ঘটনায় আসিয়ান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে
গেছে বলে জানান তিনি।





