দিনাজপুরের বিরামপুর উপজেলায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিলন হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার জোতবানি ইউনিয়নের টেগরা তকিপুর (রূপচন্দ্রপুর) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কৃষক মিলন হোসেন ওই গ্রামের সবদার আলীর ছেলে। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, বিকেলে মিলন বাড়ির পাশে গাছে দা দিয়ে ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে বিদ্যুতায়িত হন। এ সময় সাথে সাথে মাটিতে ছিটকে পড়ে যান মিলন। পরে স্থানীয়রা ও স্বজনেরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে হাসপাতালের জরুরি বিভাগের কত্যর্বরত চিকিৎসক ডা: শাহরিয়ার পারভেজ জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয় হয়েছে।