চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

শনিবার বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় ১৪ জন কাঠমিস্ত্রি ওই গ্রামের ওসমান গনীর বাড়ি থেকে একটি পুরনো ঘর বেপারি বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিলেন। এ সময় বেপারি বাড়ির সামনে ওই ঘরের একটি অংশ নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের ছেলে লিটন হোসেন (১৯)।

আহতরা হলেন মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো: দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মো: আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো: আবুল কাশেম (৩৫) ও বেপারি বাড়ির মৃত চান মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)।

নিহত সোহাগের চাচা মেজবাহ উদ্দিন জানান, ১৪ জন মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নিচ্ছিলেন। হঠাৎ টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সাথে টিনের চালা জড়িয়ে যায়। তারপর আর তাদের কিছুই মনে নেই।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো: আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই দু’জন মারা গেছেন। আহত চারজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মো: রোকন উদ্দিন জানান, নিহত দু’জনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরে ব্যবস্থা নেয়া হবে।