বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই বছর পর একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে রানা শরীফ (২৫) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের একটি বাঁশঝোপ থেকে পুতে রাখা এই লাশ উদ্ধার হয়।
রানা শরীফ শাসন গ্রামের বাচ্চু শরীফের ছেলে।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাশ জানান, গত বছর ২৮ সেপ্টেম্বর দুপুরে একটি মোবাইল রিংয়ের পর মোল্লাহাটের শাসন গ্রামের শরিফ আহম্মেদ ওরফে বাচ্চু ছেলে রানা শরিফ (২৫) বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ও আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে রানার পিতা বাচ্চু শরিফ ৪ অক্টোবর ২০২০ একটি সাধারণ ডায়েরি করেন। পরে ওই সাধারণ ডায়েরির সূত্র ধরে ভিকটিমের মোবাইল নম্বরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৃহষ্পতিবার পাঁচ আসামিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোল্লাহাটের শাসন গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে মো: হোসাইন চৌধুরী (৩৯), ইউসুফ চৌধুরীর ছেলে মো: নাদিম চৌধুরী (৩২), হেদায়েত চৌধুরীর ছেলে মো: শহিদুল চৌধুরী (৩২), আবু মোল্লার ছেলে মো: জুয়েল মোল্লা (৩৪) ও এনামুল ফকিরের ছেলে মো: রুহুল আমিন (২৭)। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে দুই বছর আগে নিখোঁজ রানা শরিফকে পরিকল্পিতভাবে হত্যা করে মাটিতে পুতে রাখার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো শাসন গ্রামের আলী শেখের ছেলে মামুন শেখের বাঁশ বাগানে পুতে রাখা রানা শরিফের বস্তাবন্দী লাশ দুপুরে উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে ওসি জানান।





