দীর্ঘ দুই যুগ পর টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খান প্রধান অতিথি থেকে সম্মেলন উদ্বোধন করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান হবির পরিচলনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলী ইমাম তপন, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, ফরহাদ ইকবাল, দেওয়ান শফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপির সদস্য রবিউল আওয়াল লাভলু প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারাসহ ১২টি ইউনিয়ন কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন বিএনপির পাঁচজন করে ১২টি ইউনিয়নে ১৩টি কমিটির মোট ৬৫ জন ভোটার ভোট দেন। সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হবি বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এম এ সালাম নির্বাচিত হন।
সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসহ-উদ্দীপনা সৃষ্টি হয়। তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও দেখা দেয় প্রাণ চাঞ্চল্য। সকাল থেকে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।