নীলফামারীর ডিমলায় ডাচ্ বাংলার এজেন্ট আনোয়ারুল হক চৌধুরীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট বিজয় চত্বর এলাকায় গত শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। গত রোববার বেলা ১১টায় নিহতের বাসাসংলগ্ন ভাড়াটিয়া দোকানদার পল্লব দোকান খুলে পেছনের দরজা ভাঙা দেখতে পেয়ে পরিবার ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত আনোয়ার বাবুরহাট বাজারের ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট বলে জানা গেছে।
আনোয়ারের স্ত্রী সুখি আক্তার জানান, তিনি স্বামীর গ্রামের বাড়িতে ছিলেন। গত শনিবার রাত ১০টার দিকে স্বামীর সাথে শেষ কথা হয়। রোববার সকাল থেকে বারবার তাকে ফোন দিলেও কোনো সাড়া মেলেনি।
ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।





