জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে যমুনা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে নদীর পাড়, নিচু এলাকা ও চরাঞ্চলে চাষাবাদ করা বোরো ধান, মরিচসহ অন্য ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) ২৪ ঘণ্টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানিমাপক মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরেই নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। হালচাষ, বীজ, শ্রমিক, সার, বিষসহ বোরো ও মরিচ চাষে কৃষকদের মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। অসময়ে পানি বৃদ্ধি পাওয়ায় পানি ঢুকে ক্ষতির মুখে পড়েছেন তারা।

চুকাইবাড়ী ইউনিয়নের বাদেশশারিয়াবাড়ী গ্রামের কৃষক আব্দুল কুদ্দুছ, নীল মিয়া ও লাল মিয়া বলেন, তাদেরসহ কৃষক ফাইজুল, দুলাল, শামছুল, জোসনা, হানিফ, সাত্তার, আফসার, আইমন, মনোয়ার মনুসহ অনেক বোরো ও মরিচ চাষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাহাদুরাবাদ ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের বাচ্চা গেল্লাসহ অনেকে বলেন, অনেক কষ্ট করে অর্থ ব্যয় করে তারা মরিচ ও বোরো ধানের চাষ করেছেন। কিন্তু অসময়ে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা।

প্রবীন কৃষক আব্দুল কুদ্দুস ও আইজন বলেন, ৫০-৬০ বছর আগে তারা এমন অসময়ে বন্যা দেখেছিলেন। অনেক বছর পর এবার সে অবস্থা দেখা দিয়েছে। দু-এক দিনের মধ্যে পানি কমতে শুরু না করলে চাষিদের ক্ষতির পরিমাণ অনেকগুণে বেড়ে যাবে বলে অভিজ্ঞমহলের অভিমত।