জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন সঙ্কটে পড়াশুনায় ব্যাপক অসুবিধা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের তুলনায় ভবন কম থাকায় এ সঙ্কটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার কথা হয়- স্কুল পরিচালনা কমিটির সভাপতি দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক মো: ফজলুল করিম, সহকারী প্রধান শিক্ষক মশিহুর রহমান, সিনিয়র শিক্ষক মাঈনুল হক এবং মো: আব্দুস সালামসহ অন্যদের সাথে।
তারা জানান, ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়টি তিন একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। এতে ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি রয়েছে। বিদ্যালয়টি উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে পাঁচবার এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপজেলার সেরা পুরস্কৃত হয় চারবার। স্কুলে বর্তমানে প্রধান শিক্ষকসহ শিক্ষক সংখ্যা ২৩ জন, কর্মচারী ৯ জন এবং শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৩০০ জন। স্কুলে একটি বহুতল ভবন, মাঠ ভরাট করন, বাউন্ডারি ওয়াল সংস্কার ও নির্মাণসহ নানা সমস্যা বিদ্যামান।
পরিচালনা কমিটির সভাপতি দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক মো: ফজলুল করিম জানান, বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় ক্লাসরুমের সংখ্যা নগণ্য। তারা জানান, স্কুলের মাঠে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এছাড়াও স্কুল গেট থেকে ভিতরের রাস্তার সংস্কার জরুরী। রয়েছে আরো নানা সমস্যা।





