বগুড়ার নন্দীগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল পাচারকালে দু’জনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের মৃত লোকমান আলীর ছেলে আল-আমিন ও নন্দীগ্রাম পশ্চিমপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সকালে আল-আমিন ও শহিদুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা (২ হাজার কেজি) চাল ভটভটিতে তুলে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে যায়। তারা স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলামকে জানায়। আমিনুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় ভটভটিবোঝাই চালসহ ওই দু’জনকে আটক করেন। এরপর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করে ওই দু’জনকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ইউপি সদস্য আমিনুল ইসলাম থানায় একটি মামলা করেছেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, তারা দরিদ্রদের থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় করেছিল। আমরা খবর পেয়ে চাল জব্দ করেছি। আটক করেছি ওই দু’জনকে। এ ঘটনায় অবৈধভাবে চাল সংগ্রহ করে গুদামজাতপূর্বক কালোবাজারির অপরাধে থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এরপর গ্রেফতারদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।





