সাংবাদিক পরিচয়ে বাসা-বাড়ি ও কলকারখানায় ঢুকে অবৈধ বা অননুমোদিত চুলা আছে মর্মে অভিযোগ এনে মোটা অঙ্কের চাঁদা দাবি করা এক বাহিনীর আবির্ভাব ঘটেছে টঙ্গী-গাজীপুরে। এরা মোটর সাইকেলের বহর নিয়ে এলাকা দাপিয়ে বেড়ায়। চাঁদাবাজিকালে এই চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল চাঁদাবাজির মামলায় এদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোল্লা বাড়ী রোডের কফিল উদ্দিন মিয়ার ছেলে আশিকুর রহমান (৪২), টঙ্গী আউচপাড়া আলকাছ কমিশনারের বাড়ির ভাড়াটিয়া ও ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আমির হোসেন (৪৩), টঙ্গী পূর্ব থানাধীন দক্ষিণ আরিচপুর মসজিদ রোডের নুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৩৮), আউচ পাড়া মোল্লা বাড়ি রোডের হুমায়ুন কবীরের বাড়ির ভাড়াটিয়া ও শেরপুর জেলার শ্রীবর্ধী থানার সাতনীপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে জাফর আলী (৩৫)।
মামলার বাদি, পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত ও তাদের সহযোগীরা টঙ্গী ও আশপাশের এলাকায় বিভিন্ন বাড়িওয়ালার কাছে গিয়ে বাড়ির ব্যবহৃত গ্যাস লাইন অবৈধ বলে দাবি করেন এবং সংযোগ বিচ্ছিন্ন করার ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
গ্রেফতারকৃত ও তাদের পলাতক সহযোগীরা গত বুধবার বেলা সাড়ে ১২টায় টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ মদিনাপাড়ায় বশির হাওলাদারের বসতবাড়িতে গিয়ে আবাসিক গ্যাস লাইনের সংযোগ অবৈধ বলে দাবি করেন এবং সংবাদ প্রকাশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে জেল জরিমানা ও সংযোগ বিচ্ছিন্নের হুমকি ধমকি দিতে থাকেন। এতে বাড়ির মালিক বশির ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে সংবাদ প্রকাশ না করার আশ্বাস দিয়ে তার কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। সেখানে রফাদফা শেষে বাড়ির মালিক নগদ ১০ হাজার টাকা দেন এবং বাকি টাকা সন্ধান দেয়ার কথা ছিল।
এদিকে ওই চাঁদাবাজরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ৮০ হাজার টাকার অবশিষ্ট ৭০ হাজার টাকা চাঁদার জন্য বশির হাওলাদারের বাড়িতে উপস্থিত হয়। এ সময় ওই বাড়ির মালিক ভুক্তভোগী এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ আলম বলেন, গ্রেফতারকৃত চার জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেফতার
সাংবাদিক পরিচয়ে বাসা-বাড়ি ও কলকারখানায় ঢুকে অবৈধ বা অননুমোদিত চুলা আছে মর্মে অভিযোগ এনে মোটা অঙ্কের চাঁদা দাবি করা এক বাহিনীর আবির্ভাব ঘটেছে টঙ্গী-গাজীপুরে। এরা...





