নওগাঁর মান্দায় স্বামী পরিত্যক্তা (১৯) এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত যুবক উপজেলার ভারশোঁ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারীর বাবা জানান, বেশকিছু দিন ধরে তার স্বামী পরিত্যক্তা মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই যুবক। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর খাওয়া-দাওয়া করে তারা ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে ওই যুবক কৌশলে মেয়ের ঘরের দরজা খুলে প্রবেশ করে। এ সময় বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক।

তিনি আরো বলেন, সুযোগ পেয়ে তার মেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন যুবককে আটক করে পুলিশে দেয়। ঘটনায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ভিকটিমের বাবার মামলায় অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা নওগাঁ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) সম্পন্ন করা হয়েছে।