গাছ কাটতে বাধা দেয়ায় ভাতিজার হাতে চাচি মনোয়ারার (৪০) নিহতের অভিযোগ উঠেছে হয়েছে।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহাজনীকান্দা গ্রামে।
নিহত মনোয়ারা গাজিরভিটা ইউনিয়নের মহাজনীকান্দা গ্রামের রুস্তম মিয়ার স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাজনী কান্দা গ্রামের আব্দুল ছমেদের ছেলে আকিকুল ইসলাম গাছ কাটতে গেলে তার চাচি মনোয়ারা বাধা প্রদান করে। পরে আকিকুল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে চাচিকে মারাত্মক আহত করেন। স্থানীয়রা আহত অবস্থায় মনোয়ারাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার নাদিয়া আকরাম মিষ্টি তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় আকিকুলকে বাধা দিতে গিয়ে একই গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে আব্দুস সোবহানসহ কয়েকজন আহত হয়। তারা হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, সকালে নিহত মনোয়ারা বেগমের বাড়িতে তার ভাতিজা আকিকুল ইসলাম গাছ কাটতে গেলে তিনি বাধা প্রদান করলে আকিকুল ক্ষিপ্ত হয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মক আহত হন এবং হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান।
হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশটি ময়মনসিংহ মর্গে রয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য নূরুল ইসলাম।





