টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের কর্মী সমর্থকদের মধ্যে হট্টোগোল ও হাতাহাতির ঘটনায় পণ্ড হয়ে গেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, আগামী ৭ নভেম্বর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়। সকাল সাড়ে ১১টা থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সভা চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির উপজেলা পরিষদ চত্বর হতে তার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে বর্ধিত সভায় যোগদান করতে যান। এ সময়ে জেলা থেকে কয়েকজন নেতাও বর্ধিত সভাস্থলে আসেন। দলীয় কার্যালয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হওয়ায় আসন নিয়ে হট্টগোল ও হাতাহাতির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে উপস্থিত জেলা নেতারা বর্ধিতসভা স্থগিত ঘোষণা করেন। আরো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দুই পক্ষকে দলীয় কার্যালয় থেকে সরিয়ে নিয়ন্ত্রণ গ্রহণ করে। সংসদ সদস্য তার কর্মী সমর্থকদের নিয়ে মিছিলসহকারে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করেন। অপর দিকে পৌর মেয়র মাসুদুল হক মাসুদ তার কর্মী সমর্থকদের নিয়ে তার বাসার সামনে সমাবেশ করেন। এ ঘটনায় ভূঞাপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বর্ধিতসভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সভাস্থলে উপস্থিত হয়। এ সময় উভয় গ্রুপের লোকজন চলে যায়। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
ভূঞাপুরে হট্টগোলে আ’লীগের বর্ধিত সভা পণ্ড
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের কর্মী...





