কক্সবাজারের পেকুয়ায় চাচাতো ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হয়েছে কথিত দা বাহিনীর প্রধান নাছির উদ্দিন (৪৮)। রোববার রাত ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বসতভিটার জায়গা নিয়ে নাছির উদ্দিনের দুই চাচা আবুল বশর কালু ও মোজাফফর আহমদের মধ্যে বিরোধ দেখা দেয়। রোববার রাতে বিরোধ নিষ্পত্তি করতে তাদের বাড়িতে সালিসি বৈঠকে বসে নাছির। বৈঠকে মোজাফফর গংদের শাসিয়ে টইটং বাজারে নিজ বাড়িতে ফিরছিলেন নাছির।
বৈঠক শেষে চলে আসার পর তাকে নিয়ে অশালিন গালমন্দ করে মোজাফফর আহমদ ও ছেলে আসহাব উদ্দিন। গালমন্দের বিষয়টি একটি পক্ষ মুঠোফোনে জানালে এতে ক্ষেপে যান নাছির। ফের তিনি পণ্ডিতপাড়া গিয়ে মোজাফফর আহমদের সাথে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি মোজাফফরকে টর্চলাইট দিয়ে পিঠে আঘাত করে। এ সময় মোজাফফর আহমদের ছেলে আসহাব উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে নাছির উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত নাছিরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে রাত ১টার দিকে মারা যান।





