দীর্ঘদিন অধ্যক্ষবিহীন থাকার পর অবশেষে নতুন অধ্যক্ষ পেল দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসা। গত ১ নভেম্বর প্রখ্যাত মুহাদ্দিস, লেখক ও গবেষক ডক্টর আব্দুল কাদির নিজামীর হাতে দায়িত্ব হস্তান্তর করে ভারমুক্ত হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসা উপাধ্যক্ষ ড. মাওলানা মাহমুদুল হক উসমানী। নতুন অধ্যক্ষের যোগদান উপলক্ষে জনাকীর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর ড. ছাবের আহমদ, মাদরাসা গভর্নিং বডির সহসভাপতি আলহাজ জুনায়েদ হাসান, সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান, মাস্টার মোহাম্মদ আলী, মাওলানা শাহাব উদ্দিন, প্রাক্তন ইউপি সদস্য মফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মুহাদ্দিস মাওলানা আব্দুল কাদির নিজামী ইতোপূর্বে গারাঙ্গিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা ও পদুয়া মাদরাসার প্রভাষক ছিলেন। ২০২২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই বিশ^বিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। নতুন দায়িত্ব পালনে তিনি মাদরাসার গভর্নিং বডি, শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রী ও এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।