চাঁদপুরের শাহরাস্তিতে ভুল সেটে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ নভেম্বর) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে এ ঘটনা ঘটে।
এদিন বিকেলে এ ঘটনায় পরিক্ষার্থীদের ফলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ।
জানা যায়, রোববার বেলা ১১টায় উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর অ্যান্ড এম উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) দ্বাদশ বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই সময় বোর্ডের নির্দেশনা মোতাবেক ‘ক‘ সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরুর নির্দেশ থাকলেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন্নাহার ‘খ‘ সেট দিয়ে পরীক্ষা শুরু করেন।
প্রশ্নের অসংগতি দেখে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আবু ইসহাক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে যায়। ভুল প্রশ্নের খবর প্রচার হতেই শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। ওই সময় তিনি পরিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠান। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ ঘটনাস্থলে আসেন।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার জানান, ভুলবশত এমনটি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, ‘আমি ১০টা ৩৭মিনিটে ক্ষুদে বার্তায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ‘ক‘ সেটের নির্দেশনা পাঠাই। বেলা ১২টা ৩৯ মিনিটে সমাজ সেবা-২ মাধ্যমে জানতে পারি ‘খ‘ সেটে পরীক্ষা হচ্ছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ তদন্ত করেছেন। পরে তদন্ত রিপোর্ট জানানো হবে।





