নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র মামলায় যুবলীগ নেতা শাহীন ওরফে চুষনী শাহীনকে (৪৩) ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের আদালত অস্ত্র আইনের দু’টি ধারায় এই রায় ঘোষণা করেন।
ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত মুনসুর কন্ট্রাক্টরের ছেলে দণ্ডপ্রাপ্ত শাহীন ফতুল্লা থানা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল র্যাব-১১’র একটি টিম ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে শাহীন ওরফে চুষনী শাহীনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় র্যাব বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। সেই মামলার তদন্ত শেষে শাহীনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে অস্ত্র আইনের দু’টি ধারায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত।