নওগাঁর রাণীনগর উপজেলার খট্রেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোট চলাকালে হামলার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১০ জন নেতাকর্মী আহত হওয়াসহ শতাধিক চেয়ার, দুটি মোটরসাইকেল ও মাইক ভাঙচুরের দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে বিএনপি দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুজ্জামান জাপান বলেন, উপজেলার খট্রেশ্বর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট সাতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল। বৃহস্পতিবার উপজেলা সদরের বিএনপির দলীয় কার্যালয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছিল। এ সময় হঠাৎ করেই আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী এসে হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুর করে। ওই হামলায় শতাধিক চেয়ার, দুটি মটরসাইকলে,ভাঙচুর করে। হামলায় নয়ন খাঁন লুলু, মোহন আলী, আবেদ হোসেনসহ ১০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
জাপান বলেন, আহতের মধ্যে তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হামলার অভিযোগ অস্বীকার করে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, যেখানেই বিএনপির সমাবেশ হচ্ছে সেখানেই তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের কোনো লোকজন হামলা করেনি বলে দাবি করেন তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন বিএনপির দলীয় অফিসে একটা গোলমাল হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বোঝা যাবে কারা গোলমাল করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





