নওগাঁর রাণীনগরে পৃথক অভিযানে পাঁচ জুয়ারীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ইঞ্জিল চালিত একটি নৌকাও জব্দ করা হয়েছে। রোববার আটকদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শনিবার সন্ধ্যায় ছোট যমুনা নদীর আতাইকুলা ঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে নৌকায় জুয়া খেলার অপরাধে কালাম প্রামানিক (৪০) নামের একজনকে আটক করা হয়। আটককালে জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। আটক কালাম উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ছালামত আলীর ছেলে।
তিনি আরো জানান, একই রাতে অভিযান চালিয়ে মারপিট মামলার আসামি কাশিমপুর গ্রামের নরেশ চন্দ্রের ছেলে সুশিল চন্দ্র (৪০) ও একই গ্রামের সুনীল চন্দ্রের ছেলে সুজন চন্দ্রকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, ওই রাতেই আদালতের পরোয়ানায় হরিপুর গ্রামের গোবিন্দের ছেলে লোকনাথ চন্দ্রকেও গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, রোববার ভোর রাতে উপজেলার গুয়াতা মৃধাপাড়া এলাকায় একটি গভীর নলকূপে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে করজগ্রামের মোহাম্মাদ আলীর ছেলে হাকিম (৪৫), মালশন গ্রামের রইচ আলীর ছেলে শামিম ওরফে শুকুর (৪০), গুয়াতা গ্রামের সিরাজুল ইসলাম (৫৮) ও তোজাম্মেল হক লিটনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।





