নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মো: সবুজ (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সবুজ নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরা থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কমর্রত ছিলেন।

সবুজ আহমেদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মো: সালাহউদ্দিন মিয়া।

স্থানীয়রা, হাইওয়ে পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, শনিবার সকালে ডেমরা থানা থেকে বেরিয়ে সবুজ আহমেদ মোটরসাইকেলে খামারেরচর এলাকার নিজ বাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। দুর্ঘটনার পর গাড়িটি তাকে ওই অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সবুজের স্বজন আমিনুল হক বলেন, উপ-পরিদর্শক সবুজ তার ভাগনি জামাই ছিলেন। তার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, সবুজকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় ডেমরা থানায় কাজ চলছে। আমরা তাদের সাথে আলোচনা করে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।