জামালপুরের ইসলামপুরে না থেকেও নাশকতার মামলায় জিয়াউল হক (৪৮) নামে বিএনপির এক নেতাকে আসামি করা হয়েছে। গত বুধবার দুপুরে ইসলামপুর থানার এসআই ছাইফুল ইসলাম বাদি হয়ে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) উপধারায় ২৪ জনের নাম উল্লেখ এবং আরো অজ্ঞাত ৪০-৫০ জন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১৫ নম্বর আসামি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জিয়াউল হক। স্থানীয় বাসিন্দা মিজান, এনামুল হক, আব্বাস আলী বলেন- জিয়াউল হক প্রায় দুই সপ্তাহ ধরে তার স্ত্রীর কর্মস্থল সিলেটে অবস্থান করছেন। কিন্তু গায়েবি মামলায় তাকেও আসামি করেছে পুলিশ।
এ দিকে গায়েবি আসামি জিয়াউল হক মোবাইল ফোনে বলেন, হেন কাজে ধিক্কার জানানোর ভাষা আমার নেই। ওই দিন আমি এলাকায় ছিলাম কি না আমার মোবাইল ফোন ট্রাক করলেই তার সত্যতা মিলবে।
এলাকায় না থাকা সত্ত্বেও বিএনপি নেতাকে কেন আসামি করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে মামলার বাদি এসআই ছাইফুল ইসলাম বলেন, নাশকতার পরিকল্পনাকারীদেরকেই আসামি করেছি।