টাঙ্গাইলের ভূঞাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে হাতুড়ি পেটায় আব্দুল হামিদ (৪৫) নিহতের ঘটনায় জড়িতদের ফাঁসি ও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহতের বৃদ্ধা মা হামিদা বলেন, ‘সাঈদ, তার স্ত্রী আনোয়ারা ও আজিজুলসহ খুনিরা আমার ছেলেকে প্রকাশ্যে হাতুড়ি পেটা ও নির্যাতন করে হত্যা করেছে। প্রধান আসামি সাঈদসহ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি আমার ছেলের হত্যাকারী বাকি আসামিদের দ্রুত গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী বলেন, অভিযুক্তরা জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ খুন করে। খুনের ঘটনায় তার স্ত্রী শাহিনা ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আহত হন। হামিদের পরিবার ঘটনার পর থানায় মামলা করলে পলাতক আসামিরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ২৫ নভেম্বর উপজেলার খড়ক গ্রামে অভিযুক্তরা জমিসংক্রান্ত নিয়ে বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই রাজ্জাকের ওপর হামলা চালায়। ঘটনা দেখে হামিদ এগিয়ে গেলে তার ওপরেও হামলা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান।