কখনো ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, আবার কখনো নিজেকে সরকারি বড় কোনো কর্মকর্তা পরিচয়ে মানুষকে চাকরি দেয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দোলোয়ার হোসেন খান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আর এসব কর্মকাণ্ডই ছিল তার মূল পেশা। এমন অভিযোগের ভিত্তিতে ডিবি পরিচয়দানকারী দোলোয়ারকে রোববার বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে আটক করে পুলিশ। আটক দোলোয়ার বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান খানের ছেলে।
এ বিষয়ে মামলার বাদি ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল জানান, দেলোয়ার রোববার বিকেলে রেলস্টেশন এলাকায় এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। এ সময় ওই ব্যক্তি পুলিশকে বিষয়টি জানালে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতারক পরিচয় বেরিয়ে আসে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, আটককৃত দেলোয়ার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা করে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়ে সত্যতা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





