কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী মহিষ চুরি মামলায় এখন কক্সবাজার জেলা কারাগারে। উচ্চ আদালত থেকে নেয়া জামিনের সময়সীমা পার হওয়ার পর নিম্ন আদালতে জামিনের জন্য ১৫ ডিসেম্বর কক্সবাজার দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিনের আবেদন নাকচ করে জেলে পাঠান।


জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ নছিমের আট লাখ টাকা মূল্যের চারটি মহিষ কয়েক বছর আগে চিংড়ি ঘের থেকে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া মহিষগুলো চেয়ারম্যানের দখলে থাকার সংবাদ পেয়ে মালিকপক্ষ তার সাথে যোগাযোগ করলে তিনি ফের দিতে কালক্ষেপণ করতে থাকেন। এরই ফাঁকে তিনি মহিষগুলো অন্যত্রে বিক্রি করে দেন। এতে কোনো উপায় না দেখে মহিষের মালিক আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে এসে বাদিকে প্রাণনাশের হুমকি দেয়।