বগুড়ায় মসজিদের ছাদে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাহফুজার রহমান নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার ছেলে সাফি (৩৫) নিহত হন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাফি দীঘলকান্দি তরফদারপাড়ার মাহফুজার রহমান ওরফে মোফাজ্জলের ছেলে। তিনি পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন। আহত মাহফুজার রহমান ওরফে মোফাজ্জল তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে পতাকা টাঙাতে যান মোফাজ্জল। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এ সময় বাবাকে বাঁচাতে যান সাফি। পরে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন বাবা মোফাজ্জল। চিকিৎসার জন্য মোফাজ্জলকে ঢাকায় নেয়া হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার এসআই খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।





