বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মসজিদের ছাদে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে পুত্র নিহত ও পিতা আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ওই উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের নাম সাফি (৩৫)। আহত তার পিতা মাহফুজার রহমান ওরফে মোফাজ্জল (৬৫)। তিনি দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। ওই মসজিদের পাশেই তাদের বাড়ি। এ তথ্য নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার এসআই খোকন। তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে পতাকা টাঙাতে যান মোফাজ্জল। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। ওই সময় বাবাকে বাঁচাতে যান সাফি। তখন সাফিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন মোফাজ্জল। চিকিৎসার জন্য মোফাজ্জলকে ঢাকায় নেয়া হয়েছে। মোফাজ্জল পেশায় কৃষক এবং সাফি ইলেকট্রিশিয়ান।