কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

নিহত ওই শিক্ষকের নাম মাওলানা নুরবক্ত মিয়া (৭৫)। তিনি নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন মৌলভী শিক্ষক এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ জানান, ‘আমার বাবা রোববার বিকেলে বকুলতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় পড়ে গিয়ে কপাল ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি’।

গোলাম ওয়াদুদ আরো জানান, তাকে উদ্ধার করে ওই দিনই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অচেতন অবস্থায় পাঁচ দিন ধরে চিকিৎসা চলার পর শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।