নওগাঁর রাণীনগরে সম্পত্তি লিখে না দেয়ায় বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন ছেলে শাহাদ শাহ (৩০)। এ ঘটনায় ভুক্তভোগী মা থানায় মামলা করলে অভিযুক্ত শাহাদকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার গ্রেফতার শাহাদকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে গ্রেফতার করা হয় তাকে।

ভুক্তভোগী বৃদ্ধার নাম জাহেদা বেওয়া। তিনি পশ্চিম বালুভরা গ্রামের মৃত মঞ্জিল শাহার স্ত্রী।

জানা গেছে, বৃদ্ধা জাহেদার স্বামী চার ছেলে ও চার মেয়ে রেখে মারা যান। এরপর থেকে তিনি ছেলে শাহাদকে নিয়ে বসবাস করছিলেন। হঠাৎ মায়ের অংশ লিখে নিতে শাহাদ নানাভাবে মাকে চাপ দিতে থাকেন। কিন্তু তাতে রাজি হন না জাহেদা। এতে ক্ষুব্ধ হয়ে শাহাদ মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুরে তিনি বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে বৃদ্ধা প্রতিবেশীর বাড়িতে থেকে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় তিনি বুধবার সন্ধ্যায় থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই শাহাদকে গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সম্পত্তি লিখে না দেয়ায় ছেলে শাহাদ বৃদ্ধা মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় মা থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। এদিকে রাতেই বৃদ্ধাকে তার বাড়িতে তুলে দেয়া হয়।